দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনার খবর অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, ওই জলপথে জাহাজ চলাচল বিনামূল্যেই থাকবে।
শনিবার হুথি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) এক বিবৃতিতে জানায়, তাদের পরিচালিত ‘নিরাপদ চলাচল সেবা’ সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং এর জন্য কোনো অর্থ নেওয়া হয় না।
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজ চলাচলের জন্য অর্থ দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ইয়েমেন সরকার কিংবা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না। পাশাপাশি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ বা তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবার রয়টার্স এক প্রতিবেদনে আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে জানায়, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার এক সপ্তাহ পর বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে ইরান-সমর্থিত হুথিরা।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের শুরুতে তেহরান সফরে হুথি প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠকে বিষয়টি আলোচনা হয়। এমনকি এ ফি আদায়ের জন্য একটি কর্তৃপক্ষ গঠনের কাজেও ইরানি উপদেষ্টারা সহায়তা করছেন বলে দাবি করা হয়।
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে তেলসহ বিভিন্ন পণ্য পরিবহনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।
ইয়েমেনের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা মঙ্গলবার অভিযোগ করেন, হুথিরা জাহাজ চলাচলে ফি আরোপের ক্ষেত্রে ‘ইরানের মডেল’ অনুসরণ করতে চাইছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের টোল আরোপ করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরব। কারণ, হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে দেশটি রপ্তানির বিকল্প পথ হিসেবে বাব আল-মান্দেবের ওপর নির্ভরতা বাড়িয়েছে।
২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে হুথিরা। গত বছরের যুদ্ধবিরতির সময় হামলা সাময়িকভাবে বন্ধ থাকলেও ওই নৌপথে জাহাজ চলাচল এখনো আগের স্বাভাবিক অবস্থায় ফেরেনি।
এদিকে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ দেশকে নিয়ে একটি সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সূত্র: আল জাজিরা
এমএস/